-সেদিন সন্ধ্যায়
কে যেন আমার নাম ধরে ডাকল,
ফিরে তাকালাম...
কেউ ছিল না।
কে যেন আমার নাম ধরে ডাকল,
ফিরে তাকালাম...
কেউ ছিল না।
-কেউ ছিল না ?
নাকি আমি ছিলাম ?
তোমার চোখের আড়ালে,
তোমার প্রথম প্রেমের
অচেনা কোনো অধ্যায়ে ?
-তুমি কে?
-যাকে তুমি কোনোদিন দেখোনি,
অথচ প্রতিদিন খুঁজেছ।
-কোথায়?
-জোছনার ভাঙা আলোয়,
বৃষ্টিভেজা জানালায়,
স্কুলফেরত সেই নির্জন পথে,
যেখানে হঠাৎ বাতাস এলে
তোমার বুকের ভেতর
অকারণে কেঁপে উঠত কিছু...
-তাহলে তুমি সত্যিই ছিলে?
-হয়তো...
-হয়তো?
-প্রথম প্রেমের মানুষগুলো
সবসময় রক্ত-মাংসের হয় না।
কেউ কেউ আসে,
শুধু হৃদয়ের ভেতর
একটি অসমাপ্ত গল্প রেখে যেতে।
-কিন্তু তোমার মুখটা
আমি কেন মনে করতে পারি না ?
-কারণ তুমি আমার মুখ দেখোনি,
তুমি শুধু
আমার অস্তিত্ব অনুভব করেছিলে।
-তোমার চোখ ?
-চাঁদের মতো নয়,
চাঁদ তো সবাই দেখে।
আমার চোখ ছিল
তোমার অস্থিরতার মতো,
দেখা যায় না,
শুধু অনুভব করা যায়।
-তোমার নাম ?
-আমার নাম জানলে
রহস্যটা শেষ হয়ে যাবে।
-তাহলে কে তুমি?
সত্যিই কি কোথাও আছ ?
-হয়তো তোমার পাশ দিয়ে
প্রতিদিন হেঁটে যাই,
তুমি শুধু চিনতে পারো না।
-যদি একদিন চিনে ফেলি ?
-তাহলেও কিছু বলো না।
শুধু একবার
আমার চোখের দিকে তাকিয়ো।
-কেন ?
-কারণ প্রথম প্রেমের
সবচেয়ে সত্য কথাগুলো
কখনো মুখে বলা যায় না।
-তাই বুঝি ?
-হয়তো প্রেম মানেই
একজনকে খুঁজে পাওয়া নয়;
বরং এমন একজনকে
সারাজীবন খুঁজে যাওয়া,
যাকে কোনোদিন হারাইনি...
-তুমি তো কোনোদিন
আমাকে পাওইনি।
-সেই জন্যই হয়তো
আজও প্রশ্নটা থেকে যায়
তুমি কি সত্যিই ছিলে ?
-যদি থাকি ?
-তবে...
আমার প্রথম প্রেমের
সবচেয়ে সুন্দর রহস্যটা তুমিই।