হারিয়ে যাওয়ার আগে...
তার চোখে জমেছিল সন্দেহ,
কথায় জন্ম নিয়েছিল অবিশ্বাস!
আর আমার প্রতিটি আচরণের আড়ালে,
সে খুঁজে পেয়েছিল,
নতুন কোনো অপরাধ।
তার চোখে জমেছিল সন্দেহ,
কথায় জন্ম নিয়েছিল অবিশ্বাস!
আর আমার প্রতিটি আচরণের আড়ালে,
সে খুঁজে পেয়েছিল,
নতুন কোনো অপরাধ।
অথচ... আমি জানতাম না,
কখন আমার সরল কথাগুলো মিথ্যে হয়ে গেল!
কখন আমার নীরবতা হয়ে উঠল অবহেলা,
কখন আমার ব্যস্ততা...
তার কাছে অন্য কারও প্রতি আকর্ষণের
প্রমাণ হয়ে দাঁড়াল!
সে কিছু অভিযোগ জমিয়ে রেখেছিল
মনের গোপনে,
কিছু অভিমান বড় করেছিল
নিজের মতো করে।
তারপর একদিন...
সেই অভিযোগগুলোকেই সত্যি ভেবে,
আমার বিরুদ্ধে সাজিয়ে নিল
সমস্ত যুক্তি!
আমি কী বলেছিলাম,
কেন বলেছিলাম,
কোন পরিস্থিতিতে বলেছিলাম,
সেসব জানার প্রয়োজনই বোধ করেনি সে!
আমার কথার অর্থ বোঝার আগেই,
সে তার নিজস্ব অর্থ তৈরি করে নিয়েছিল।
তারপর...
আমার প্রতিটি ভুলের হিসাব হলো,
অথচ আমার ভালো থাকার দিনগুলোর,
আমার ভালো ব্যবহারের,
কোনো হিসাবই রাখা হলো না!
আমার একটি ভুল
হয়ে উঠল অসংখ্য ভুলের জন্মদাতা,
আমার একটি নীরবতা
হয়ে উঠল হাজারো অভিযোগের সাক্ষী!
আর আমি...
যতবার নিজেকে বোঝাতে চেয়েছি,
ততবারই তার চোখে
আরও বেশি অপরাধী হয়ে উঠেছি।
কী আশ্চর্য, জানো?
যে মানুষটি একদিন
আমার চোখের দিকে তাকিয়ে
আমার না-বলা কথাও বুঝে নিত,
সেই মানুষটিই একদিন...
আমার বলা কথারও বিশ্বাস রাখল না!
আমি তাকে হারানোর ভয়ে
বারবার নিজের অবস্থান ব্যাখ্যা করেছি,
নিজের সত্যকে
তার বিশ্বাসের সামনে দাঁড় করিয়েছি।
ভেবেছিলাম...
ভালোবাসা একদিন
সব ভুল বোঝাবুঝির দরজা খুলে দেবে!
কিন্তু আমি বুঝিনি...
যে মন চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে,
সে মন অনেক সময়
ফিরে আসার পথ খোঁজে না,
চলে যাওয়ার পক্ষে
কেবল যুক্তি খোঁজে!
অবশেষে...
সে চলে গেল।
কোনো শেষ প্রশ্ন রাখল না,
আমার কোনো শেষ উত্তরও শুনল না।
শুধু আমার বিরুদ্ধে জমে থাকা অভিযোগগুলো...
আমার কাছেই রেখে গেল,
তার চলে যাওয়ার
শেষ স্মারক হিসেবে।
আজও আমি ভাবি...
মানুষ কি সত্যিই এত সহজে হারিয়ে যায়?
নাকি হারিয়ে যাওয়ার অনেক আগে থেকেই
সে নিজের ভেতর থেকে সরিয়ে নিতে থাকে,
প্রিয় মানুষটির জন্য রাখা
সমস্ত বিশ্বাস?
আমি জানি না...
সে এখন কেমন আছে,
কোন আকাশের নিচে তার সকাল হয়,
কোনো পুরোনো স্মৃতি কখনো
তার বুকের ভেতর
নীরবে কড়া নাড়ে কি না!
তাই আজ...
এই হারানো বিজ্ঞপ্তি,
হারিয়ে গেছে একজন মানুষ,
যার কাছে আমার ভালোবাসা ছিল,
অথচ আমার সততার
কোনো মূল্য ছিল না!
হারিয়ে গেছে এমন একজন,
যার অভিমান ছিল অসীম,
অথচ আমার কষ্ট বোঝার
সময় ছিল না!
যদি কোথাও তার দেখা পাও...
তাকে বলো,
আমি আজও তার বিরুদ্ধে
কোনো অভিযোগ লিখিনি।
শুধু একটা প্রশ্ন জমিয়ে রেখেছি
বুকের গভীরে...
যে প্রশ্নের উত্তর
হয়তো কোনো দিনই পাব না।
“যে মানুষটিকে হারানোর ভয়ে
আমি বারবার নিজেকে ব্যাখ্যা করেছি,
সেই মানুষটিই একবারও কেন...
আমাকে বোঝার চেষ্টা করল না?”
আর যদি কখনো তার মনে হয়,
আমার বিরুদ্ধে তার অভিযোগগুলো
সত্য ছিল না...
যদি কোনো দিন
নিজেরই তৈরি করা সন্দেহের আড়াল সরিয়ে
আমার মুখটা আবার দেখতে ইচ্ছে করে,
তাকে বলো...
আমাকে হারিয়ে ফেলার পর...
সে কি কখনো বুঝেছিল,
সত্যিই সে কাকে হারিয়েছে?