সাক্ষী ছিলো চন্দ্র-তারা
পাহাড়, নদী আর-
আমি ছিলাম দিশাহারা
সব মেনেছি তার।
হয়নি ভাবা আধেক তিলও
কভু অনায়াসে-
ভাঙতে পারে এমন দিলও
এতো ভালোবেসে !
"পারো যদি চাঁদ হও না"
চাঁদ হয়েছি বেশ,
"হারাতে আজ নেই মানা"
আমিও নিরুদ্দেশ।
"ফুল হবে কি সুবাস ভরা"
হলাম আমি তাই,
যখন আমার ধরলো ঝরা
দেখি ভ্রমর নাই।
"জ্যোৎস্না দেখো দুরাকাশে-
কী-যে মনোহর",
কল্পনাতেই চাঁদের দেশে
বাঁধি বাড়ি-ঘর।
"তুমি যদি ঝর্ণা হতে,
আমার বুকের পাহাড়ে"
হয়নি দেরি কোন মতে
ঝর্ণা হলাম আহারে !
যখন তুমি খুব করে
বুঝলে আমি সব পারি,
কষলে ধাঁধা ছক ভরে
কী করে হয় ছাড়াছাড়ি।
"প্রজাপতি হলে তোমায়-
লাগবে মনোহর",
আমায় বলো কে ফেরায়
ডানায় দিলাম ভড়।
এ' ডাল হতে ও' ডালে যাই
এ' দোষ পেয়ে শেষে,
কাঁপলো না ঠোঁট, বললে "গুডবাই"
কল্প-জয়ী হেসে.....!!
যেথায় থাকো, যত দূরে
জানতে শুধু চাই,
কোন ভুলে ও' বুক চূড়ে
পেলাম না গো ঠাই ?