সময় থেমে যায় না, কেবল মানুষ থেমে যায় কখনও,
তবু কিছু আলো থেকে যায় উত্তরাধিকার হয়ে—
আমার সেই আলো দুটি হলো
নূরে আরশি ও সিদরাতুল মুনতাহা।
তবু কিছু আলো থেকে যায় উত্তরাধিকার হয়ে—
আমার সেই আলো দুটি হলো
নূরে আরশি ও সিদরাতুল মুনতাহা।
তাদের মুখে আমি দেখি আমার শৈশবের প্রতিধ্বনি,
যেন গ্রামীণ বিকেলের মাঠে খেলতে থাকা সেই শিশু
আজ ফিরে এসেছে আমারই কন্যা হয়ে।
একজনের হাসিতে রৌদ্রের উচ্ছ্বাস,
আরেকজনের চোখে নক্ষত্রের স্থিরতা।
নূরে আরশি—
তুমি যখন হেসে ওঠো, পৃথিবী সহজ হয়ে যায়,
সব জটিলতা গলে পড়ে শিশুর সরলতায়।
তোমার উপস্থিতি মনে করিয়ে দেয়—
বিশ্ব এখনো সুন্দর, যদি হৃদয় সৎ থাকে।
সিদরাতুল মুনতাহা—
তোমার নামেই সীমারেখার ওপারে ছুঁয়ে যায় ভাবনা,
তুমি যেন এক অজানা দিগন্তের আহ্বান।
তোমার চোখে দেখি দৃঢ়তা,
যেখানে ভালোবাসা মানে শুধু আবেগ নয়—
বরং সাহস, সততা আর আত্মবিশ্বাসের শিখা।
আমি জানি, জীবন তোমাদের সবসময় সহজ হবে না,
তবু তোমাদের শেখাতে চাই—
মানুষ হও,
অন্যের ব্যথা বোঝো,
ভালোবাসো পৃথিবীটাকে নিজের মতো করেই।
আমি একদিন চলে যাবো,
কিন্তু তোমাদের নামের মতোই থেকে যাবে আলো,
যেখানে লেখা থাকবে—
“একজন পিতা তাঁর দুটি মেয়ের চোখে রেখে গেছেন অনন্তের ছায়া।”