প্রিয়তি, তুমি কি জানো,
আমাদের দেখা হয়েছিল ঠিক নদীর মতো আকস্মিক,
হঠাৎ বর্ষার ভাঙন এসে
যেভাবে মাটি কেটে নেয়,
তেমনি তুমি কেটে নিয়েছিলে আমার নিঃশব্দ দিনগুলো।
যে প্রেম নদীভাঙা, তার স্রোত কখনো থেমে যায় না।
তীর ভাঙে, বাঁধ ভাঙে, ঘরবাড়ি ডুবে যায়,
তবু ভেতরে ভেতরে এক অন্তর্লীন ধারা বয়ে চলে,
যেন অদৃশ্য শিরায় ছুটে চলা রক্ত,
যার গন্তব্য কেবল হৃদয়ের অন্তঃপুর।
আমি জানি, পৃথিবীর সব হিসেব মিলানো যায় না,
সব মিলন মঞ্চে দাঁড়িয়ে উচ্চারিত হয় না কোন মহৎ প্রতিজ্ঞা।
কিছু প্রেম কেবল নিঃশব্দ নদীর মতো
নিজের ভাঙনে নিজের পথ খুঁজে নেয়।
কিছু প্রেম পাথর ভাঙে, কিছু প্রেম ইতিহাস লেখে,
আর কিছু প্রেম কেবল হাহাকার হয়ে থাকে
তবু থেকে যায় অমর।
তুমি যদি থাকো দূরের অচেনা ঘাটে,
তবু আমার চোখে তুমি নিরবধি স্রোত,
আমার বুকের গভীরে বয়ে যাওয়া এক গোপন নদী।
হয়তো সভ্যতা তোমাকে লিখবে নিজের নামে,
কিন্তু আমার কাব্য তোমাকে জানবে নদীভাঙা প্রেমিকা
যে প্রেমকে অস্বীকার করা যায় না,
যে প্রেমকে সময়ও শুকাতে পারে না।